প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে যশোর প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের দেয়াল লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে দেয়ালে বিস্ফোরণের চিহ্ন দেখা যায়।
হৃদয় নামে এক ইজিবাইকচালক জানান, সিভিল কোর্ট মোড়ে দাঁড়িয়ে থাকার সময় তিনি দুটি বিকট শব্দ শুনেছেন। তবে কারা ককটেল ছুড়েছে, তা দেখতে পাননি।
খবর পেয়ে জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই নুর ইসলাম ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের জর্দার কৌটার অংশ সংগ্রহ করেন। তার কাছে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য ছিল না।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের গাড়ি রাখার স্থানে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। যশোর ডিবির ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা। তমাল আহমেদ বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।