শনিবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও প্রেরণার উৎস।
তিনি আরও বলেন, বুদ্ধিজীবীদের হত্যা শুধুমাত্র এক জাতিকে বেদনা দেয়নি, বরং স্বাধীনতা অর্জনের পথে বাধা সৃষ্টি করেছিল। তবে তারা যে আদর্শ রেখে গেছেন—জ্ঞান, বিজ্ঞান, মুক্ত চিন্তা এবং সম্প্রীতির চেতনা—এগুলো আমাদেরকে উন্নত ও প্রগতিশীল দেশ গঠনের পথে অনুপ্রাণিত করে।
বিএনপি চেয়ারপারসন মনে করেন, অর্ধশতাব্দি পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ হয়নি। গণতন্ত্র বারবার বাধার মুখে পড়েছে এবং মত প্রকাশের স্বাধীনতা এখনও সংকটে আছে। তিনি আশা প্রকাশ করেন, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমতের রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে।
শেষে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে একসাথে কাজ করতে।