ফেসবুক পোস্টে জাইমা রহমান লেখেন, “বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”
এর আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য নির্ধারিত ফরম পূরণ করে তা অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছিলেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই জানিয়েছেন, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
এরও আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে জানান, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।
এদিকে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানটি ঢাকায় অবতরণ করবে বেলা ১১টা ৫৫ মিনিটে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।