শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ গৃহহীন পরিবারের মধ্যে ঘর নির্মাণের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা’ নীতিকে সামনে রেখে সরকার পরিচালনা করছেন। তিনি বলেন, ক্ষমতা ভোগের জন্য নয়, জনগণের সেবা করার দায়িত্ব নিয়েই সরকার কাজ করছে। তাই বন্যা, ঘূর্ণিঝড় কিংবা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় থাকবে।
তিনি আরও জানান, শুধু যাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নয়, বন্যায় কৃষিজমি, বীজতলা ও ফসলের ক্ষতির শিকার কৃষকদের জন্যও পুনর্বাসন পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ করা হবে, যাতে তারা দ্রুত উৎপাদনে ফিরতে পারেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাবি করেন, চলতি অর্থবছরের বাজেট জনবান্ধব ও দরিদ্রবান্ধবভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ না পড়ে।