চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে দুইটি বিয়ের অনুষ্ঠানে এক অনভিপ্রেত মজার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জোরারগঞ্জ এলাকার ‘ফাইভ স্টার কমিউনিটি সেন্টার’ এবং মাত্র ৫০০ মিটার দূরের ‘সোনালী কমিউনিটি সেন্টার’-এ একযোগে চলছিল দুটি বিয়ের আয়োজন। ঠিক এই সময়েই বিভ্রান্ত হয়ে সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত প্রায় ৭০ জন বরযাত্রী ভুল করে প্রবেশ করেন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। সেখানে তারা বিনা দ্বিধায় খাবার গ্রহণ করেন, যদিও সেটি ছিল অন্য বিয়ের আয়োজন।
ঘটনার বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের এক সদস্য তাসিব তানজিল বলেন,
"আলহামদুলিল্লাহ, ভুলে আসা ৭০-৮০ জন খাওয়ার পরও আমাদের খাবার শেষ হয়নি। আমরা এতে মোটেও হতাশ নই। যার রিজিক যেখানে নির্ধারিত, সে সেখানেই পায়। এটাই আল্লাহর লিখন।"
স্থানীয় বাসিন্দা শাহিন আলম জানান,
“আমাদের বাড়ির পাশেই সোনালী ক্লাবে এক বিএনপি নেতার মেয়ের বিয়ে হচ্ছিল বলে শুনেছি। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে যান।”
ঘটনাটি স্থানীয়দের মাঝে হাস্যরসের জন্ম দিলেও, আয়োজকপক্ষের উদার মানসিকতা এবং শান্ত প্রতিক্রিয়া প্রশংসার দাবি রাখে