রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি, কোনো শ্রমিক ভাই এই আন্দোলনের সঙ্গে জড়িত নন। কোনো শ্রমিক সংগঠনও জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। মজুরি বোর্ড গঠন হয়েছে। এর মাধ্যমে তাদের মজুরি নির্ধারণ করা হবে।’
কারখানার উৎপাদন চালু রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা গার্মেন্ট মালিকদের অনুরোধ করব, তারা যেন উৎপাদন অব্যাহত রাখেন। কোনোভাবেই যেন রপ্তানির সংকট তৈরি না করেন।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলেছি, যারা বিশৃঙ্খলা করবে, তাদের কঠোর হাতে দমন করার জন্য।’
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
এর আগে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী। পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ে সেখানে আলোচনা হয়। একই দিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন তিনি। তবে বোর্ড গঠনের ঘোষণা সত্ত্বেও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে বলে জানান মন্ত্রী।