ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জিএস প্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন আচরণবিধি ভঙ্গের ঘটনায় পক্ষপাতমূলক আচরণ করছে।
ফরহাদ বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া, শিক্ষার্থীদের উপস্থিতি ও সাড়া এখন পর্যন্ত সন্তোষজনক হলেও কিছু অসঙ্গতি চোখে পড়েছে। তার অভিযোগ, কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকার পরও ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। অভিযোগ করা সত্ত্বেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি।
তিনি আরও দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে বের করে দিয়ে সেখানে ছাত্রদলের এজেন্টকে বসানো হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কমিশন ও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, "এই নির্বাচন আপনাদের জন্য। ভোটকেন্দ্রে এসে আপনারা মতামত দিন। শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লেই অন্যায়কারীরা ব্যর্থ হবে।"
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮টি পদের জন্য। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন।