জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে সংগঠিত এই কর্মসূচিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে ‘জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে’—এমন স্লোগানে উত্তপ্ত করে তোলেন পরিবেশ।
শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ায় ভয়াবহ যানজট দেখা দেয়, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা ও শিক্ষা-কল্যাণের নিশ্চয়তা, পুনর্বাসন ও কর্মসংস্থানের দায়ভার রাষ্ট্রের ওপর নেওয়া, আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিতকরণ, বিশেষ আইনি সহায়তা কেন্দ্র গঠন এবং দমন-পীড়নের জন্য দায়ীদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা।
আন্দোলনের অন্যতম সংগঠক আরমান শাফিন বলেন, “সরকার থেকে লিখিত আশ্বাস ও সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দেশের ৬৪ জেলার শহীদ পরিবার ও যোদ্ধারা এখানে খাবার নিয়ে অবস্থান নিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এক ইঞ্চিও সরব না।”
অবরোধের কারণে দুর্ভোগে পড়া পথচারী রবিউল বলেন, “প্রায়ই সড়ক অবরোধ হয়, আর ভোগান্তির শিকার হতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে। সরকারের উচিত দ্রুত সমাধান করা।”