শুক্রবার (২০ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদ সরকারের ছেলে। তিনি গফরগাঁও সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার চাচাতো ভাই আজমল হুদা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক।
আহতদের মধ্যে ছাত্রদল কর্মী রিফাত (২৮) ও পাভেল (২২) রয়েছেন। তারা উপজেলার চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের বাসিন্দা। অন্যদিকে প্রাইভেটকারে থাকা নান্দাইলের চর ভেলামারী গ্রামের আলমগীর (২৬) ও তার স্ত্রী লিমা (২৪) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বৃহস্পতিবার রাত থেকেই উপজেলার প্রবেশপথ শিবগঞ্জ বাজারে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। রাত সাড়ে তিনটার দিকে একটি প্রাইভেটকার ওই পথ দিয়ে যাওয়ার সময় সেটি থামিয়ে তল্লাশির উদ্যোগ নেন তারা। তবে গাড়ির চালক থামার পরিবর্তে দ্রুতগতিতে সেখান থেকে চলে যান।
প্রাইভেটকারে আওয়ামী লীগের কোনো নেতা থাকতে পারেন, এমন সন্দেহে আজিমসহ কয়েকজন একটি মোটরসাইকেলে করে গাড়িটির পিছু নেন। প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার যাওয়ার পর পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটি থামানোর চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটি প্রাইভেটকারের সামনে গিয়ে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই যানের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আজিম, রিফাত ও পাভেল এবং প্রাইভেটকারের যাত্রী আলমগীর ও লিমা আহত হন। স্থানীয়রা আজিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিফাত ও পাভেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর ও লিমা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাবিবা হক জানান, আজিম সরকারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পাহারায় ছিলেন। প্রাইভেটকারটি থামানোর সংকেত দেওয়ার পর চালক দ্রুত চলে যান। পরে সেটির পিছু নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আজিম নিহত হন।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন।