বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের অল্পসংখ্যক মানুষ রাজধানীতে বসবাস করলেও আইসিইউ সুবিধার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই ঢাকায় কেন্দ্রীভূত। অন্যদিকে, অধিকাংশ জেলা ও গ্রামীণ এলাকায় সংকটাপন্ন রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা এখনও খুবই সীমিত।
তিনি জানান, দেশে প্রতি এক লাখ মানুষের বিপরীতে ক্রিটিক্যাল কেয়ার বেড রয়েছে মাত্র ১ দশমিক ৭টি এবং সাধারণ হাসপাতালের শয্যা রয়েছে প্রায় ৯টি। এছাড়া ৬৪ জেলার মধ্যে ৩৮টিতেই কোনো আইসিইউ সুবিধা নেই।
তিনি বলেন, নবজাতক, অন্তঃসত্ত্বা নারী, স্ট্রোক বা নিউমোনিয়ায় আক্রান্ত রোগী এবং সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের অনেকেই সময়মতো নিবিড় পরিচর্যা না পাওয়ায় জীবন হারাচ্ছেন। এ পরিস্থিতির পরিবর্তনে সারাদেশে আধুনিক ক্রিটিক্যাল কেয়ার সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা গেলে চিকিৎসাসেবার অভাবে প্রাণহানির ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।