আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা স্টেশনক্লাবে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি বলেন, “জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া মান্য নয়। যদি বাধ্য করা হয়, আমাদেরও রাজপথে যাওয়ার বিকল্প থাকবে।” তিনি সবাইকে সংবিধান অনুযায়ী সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত না পাঠালে এবং ওসমান হাদীর হত্যার বিচার না হলে ভারতের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল হবে না।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপি সংসদ সদস্যদের শপথ নেওয়ার আহ্বান জানান এবং গণমাধ্যমকে বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করার তাগিদ দেন।
মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন চলবে এবং হাদী হত্যার বিচার দ্রুত কার্যকর করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হবে। মূখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উল্লেখ করেন, ৭০ শতাংশ ভোটে হ্যাঁ জয়যুক্ত হলেও সংস্কার নিয়ে চোর-পুলিশ খেলা চলছে; জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবার রাজপথে নামার সিদ্ধান্ত নেওয়া হবে।
উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেন, বিএনপির কিছু নেতাকর্মী পুরনো পথে ফিরিয়ে দিতে চাইছে এবং নেতাদের হুমকি দেওয়া হচ্ছে। এর মোকাবিলায় শক্তিশালী সাংগঠনিক সক্ষমতা জরুরি।
অনুষ্ঠানে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।