রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আযাদ বলেন, তেল সংকটের অজুহাতে সরকার কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানির দাম বাড়িয়েছে। অথচ নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় আসার দুই বছরের মধ্যে জ্বালানির মূল্য না বাড়ানো। সরকার সেই অঙ্গীকার রাখতে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, ছয় মাসে সরকার সংকট মোকাবিলায় বিকল্প পরিকল্পনা ও সক্ষমতার পরিচয় দিতে পারেনি।
তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর ১১ দলীয় ঐক্য জনগণের দাবি, অধিকার, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নতুন রাজনৈতিক ব্যবস্থার পথে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। তবে সরকার প্রথম দিনেই জনগণের রায় উপেক্ষা করেছে। সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টিও প্রত্যাখ্যান করা হয়েছে, যা গণতন্ত্র ও গণরায়ের প্রতি অবজ্ঞা।
সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব এবং বিরোধী দলের দেওয়া ১০টি প্রস্তাব সরকার আমলে নেয়নি বলেও অভিযোগ করেন আযাদ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট দমন ও বাজার মনিটরিংয়েও সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গুম, খুন ও অপহরণের ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তর ও গণমাধ্যমের তথ্যের বরাতে ৫১৮টি শিশু অপহরণের মামলা হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সংসদে সমস্যার সমাধান না হওয়ায় রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আযাদ বলেন, চট্টগ্রামে প্রথম লংমার্চে প্রত্যাশার চেয়েও বেশি মানুষের সাড়া মিলেছে। আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েত এবং ৮টায় উদ্বোধনী সভার পর কর্মসূচি শুরু হবে। পথে পাঁচটি পথসভা শেষে রংপুর জেলা স্কুল মাঠে সমাপনী জনসভা হবে।