বিটিআরসি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ অক্টোবরের পর থেকে নিয়মিতভাবে অতিরিক্ত সিম বন্ধ করা হবে। সংস্থার লক্ষ্য, দেশের সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণার সুযোগ সীমিত করা।
গত ৩০ জুলাই সংস্থাটি ঘোষণা করেছিল, একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম থাকতে পারবে। তার আগে নাগরিকরা এনআইডির ভিত্তিতে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। অতিরিক্ত সিমগুলো বন্ধ করতে গ্রাহকরা সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারবেন।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “আজ থেকে অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে শুরু করবে। ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করা হবে, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।”
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ, যেখানে প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের কাছে ৫টির কম সিম রয়েছে, ৬–১০টি সিম আছে প্রায় ১৬ শতাংশ গ্রাহকের, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ গ্রাহক।
গ্রাহকরা চাইলে অনলাইনে বা *১৬০০২# ডায়াল করে নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন। তবে, সিম বন্ধের ক্ষেত্রে ‘দৈবচয়ন’ নীতি অনুসরণ করা হবে, ফলে কখনো কখনো গুরুত্বপূর্ণ সিমও বন্ধ হতে পারে।