মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে নতুন এ সেবার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনের পর বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলবে। পরদিন থেকে নির্ধারিত রুটে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হওয়ার কথা জানিয়েছে বিআরটিসি।
শুরুতে রাজধানীর কয়েকটি ব্যস্ত রুটে ১০টি বাস নামানো হবে। এর বাইরে বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস এই সেবায় যুক্ত হবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় পরে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ঢাকায় নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-জিপিও, মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দরসহ কয়েকটি রুটে পিংক বাস চলাচল করবে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। অন্য রুটের বাসগুলোও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সংযুক্ত করবে।
এ ছাড়া বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি করে নারী বাস চলবে।
বিআরটিসি জানিয়েছে, নারীদের গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবেও প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।