রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক আবদুল হালিম।
আবদুল হালিম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে ১১ দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশা করছেন। নির্বাচনে সব বাধা, প্রলোভন ও উসকানি মোকাবিলা করে দায়িত্বশীলদের ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিগত জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে সরকার গঠনের প্রত্যাশা তৈরি করেছিল। তবে ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতের বিজয় ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে অধ্যক্ষ মমতাজ উদ্দিন, আব্দুল হাকিম, আনোয়ারুল ইসলাম, ইকবাল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনেও ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন দেলাওয়ার হোসেন। শিগগিরই আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।
এদিকে, জুলাই জাতীয় সনদ কার্যকর, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর ‘ঢাকা টু রংপুর লংমার্চ’ কর্মসূচি পালনের কথা জানান আবদুল হালিম।