ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসির প্রচারিত খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে গোয়েন্দা অভিযানের মাধ্যমে হরমুজের প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও স্মার্ট একটি মনুষ্যবিহীন ডুবোযান আটক করে ইরানি নৌবাহিনী।
আইআরজিসি জানিয়েছে, পানির নিচে ব্যবহারের জন্য তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এই ডুবোযানটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়। শিগগিরই আটক করা ডুবোযানটির ছবি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
ইরানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, এ ধরনের মনুষ্যবিহীন ডুবোযান পানির নিচে অনুসন্ধান ও নজরদারি, সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন কেবল ও পাইপলাইন পরিদর্শনের কাজে ব্যবহৃত হয়।
এদিকে ইরানের এ ঘোষণার পর আল জাজিরার সঙ্গে কথা বলেন এক মার্কিন কর্মকর্তা। তিনি জানান, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর পরিচালিত একটি আন্ডারওয়াটার ড্রোন একদিনেরও বেশি সময় আগে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে যায়।
তিনি বলেন, চলমান অভিযানে সহায়তার জন্য আঞ্চলিক জলসীমায় জরিপের কাজে ড্রোনটি ব্যবহার করা হচ্ছিল। এটি পুরোনো মডেলের একটি ড্রোন এবং এতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা বা রাডার সরঞ্জাম ছিল না।