বৃহস্পতিবার (১১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এডওয়ার্ড বিজবেডার এক বিবৃতিতে বলেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরে চলমান সহিংসতায় শিশুদের প্রাণহানি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
সম্প্রতি পশ্চিম তীরের হেবরন এলাকায় গুলিবর্ষণের ঘটনায় সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত আট শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে।
তিনি বলেন, কোনো অবস্থাতেই শিশুদের মৃত্যু স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিশ্বব্যাপী উদ্বেগ ও নিন্দার বিষয় হওয়া উচিত। পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় শিশু ও তাদের পরিবারের সদস্যদের হত্যা, আহত করা, জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর ওপর হামলা তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন।
বিজবেডার ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশু নিহত বা গুরুতর আহত হওয়ার প্রতিটি ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে ইসরায়েল দীর্ঘদিন ধরে ব্যর্থ হচ্ছে। সংস্থাগুলো শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং সব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।