মঙ্গলবার (২ জুন) হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ অতিক্রমের চেষ্টা করা একটি ট্যাংকারকে লক্ষ্য করে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি অচল হয়ে পড়ে বলে জানা গেছে।
এরপর মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের পাল্টা হামলার চেষ্টা প্রতিহত করেছে। একই সঙ্গে ইরানের কেশম দ্বীপের কয়েকটি স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।
ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাগুলোর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে এ দাবি নাকচ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, কুয়েতের দিকে নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয় অথবা মাঝপথেই বিধ্বস্ত হয়। এছাড়া বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র মার্কিন ও বাহরাইনের যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, আত্মরক্ষার অংশ হিসেবেই কেশম দ্বীপে অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সেন্টকম বলেছে, ইরানের যেকোনো আগ্রাসনের জবাব দিতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স