মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা, যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ চেকপোস্টে গোলাবর্ষণে তিনজন নিহত হন। মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজার জেইতুন এলাকায় আরেকটি হামলায় আরও একজনের মৃত্যু হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, গত বছরের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পরও বাস্তবে হামলা বন্ধ হয়নি। তাদের হিসাবে, ওই চুক্তির পর থেকে এ পর্যন্ত নতুন করে ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও পরিস্থিতি স্থিতিশীল হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর যুদ্ধের সূচনা হয়, যেখানে ইসরায়েলি পক্ষের দাবি অনুযায়ী প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়।
এর পর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরায়েল। অক্টোবর ২০২৩ থেকে সর্বশেষ যুদ্ধবিরতির আগপর্যন্ত সেখানে ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।