বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা প্রদানের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ১০ আগস্ট থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে নতুন করে উচ্ছ্বাস ফিরে এসেছে ভারতের প্রধান শহরগুলোর ব্যবসায়ী মহলে। বিশেষ করে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির হাসপাতাল, হোটেল ও খুচরা ব্যবসায়ীরা এ খবরে আশার আলো দেখছেন।
প্রতিবছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসানীতির জটিলতায় বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। এতে কলকাতার নিউমার্কেট থেকে শুরু করে দিল্লি ও দক্ষিণ ভারতের বড় শহরগুলোর হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। অনেকেই জীবিকার পরিবর্তন করতে বাধ্য হন।
নতুন নীতির ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে চিকিৎসা ও অন্যান্য কারণে ভ্রমণ সহজ হবে বলে আশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়কারী, পরিবহন খাত, পোশাক ও খাদ্য ব্যবসায়ীরা বিশ্বাস করেন, এ পদক্ষেপ দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করবে। পাশাপাশি তারা চান, ধর্ম, রাজনীতি ও বিরোধ ভুলে পারস্পরিক মৈত্রী ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হোক।