শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানকে কঠোরভাবে আঘাত করেছে এবং এখন তেহরান সমঝোতার পথ খুঁজছে। এ প্রসঙ্গে তিনি বলেন, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের কারণে ইরানকে এক সপ্তাহের ‘ছুটি’ দেওয়া হয়েছে।
ট্রাম্পের দাবি, সাম্প্রতিক যুদ্ধের পর ইরান আলোচনায় ফিরতে আগ্রহ দেখাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে।
এদিকে, ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের আগে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান ও ইরাকের বিভিন্ন শহরে শ্রদ্ধা নিবেদন, জানাজা এবং শোকযাত্রার আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেন আলী খামেনি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।