মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, তার কোনো বক্তব্য কাউকে আঘাত করার উদ্দেশ্যে দেওয়া হয়নি। এরপরও যদি কেউ তার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন, তবে সে জন্য তিনি দুঃখিত।
শিক্ষামন্ত্রী বলেন, ব্যক্তিগত একটি মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। তবে তিনি ইচ্ছাকৃতভাবে কাউকে হেয় বা অসম্মান করার উদ্দেশ্যে কিছু বলেননি।
এর আগে সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়লেও কেন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি।
জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের ৬৪টি জেলার প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ও স্থানীয় প্রশাসনের মতামত বিবেচনা করেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ সময় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা বোর্ড ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। সংশ্লিষ্টদের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষামন্ত্রী আরও জানান, কুমিল্লার একটি কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছিল। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল এবং পরীক্ষার নির্ধারিত সময়ও বাড়িয়ে দেওয়া হয়, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
মন্ত্রী দাবি করেন, কুমিল্লার ওই কেন্দ্র ছাড়া দেশের অন্য কোনো স্থানে দুর্যোগজনিত কারণে পরীক্ষা গ্রহণে বড় ধরনের সমস্যা হয়নি বলে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে।