ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠানে সমন্বয়কদের অবজ্ঞা করা হয়েছে—এমন অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানান।
হান্নান মাসউদ লিখেছেন, “অনুষ্ঠানের দাওয়াতপত্র পেয়েছি, তবে শুনছি মূল আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে আমন্ত্রণ জানানো হয়নি। হয়তো কয়েকটি চেয়ারে নামমাত্র কিছু মানুষ বসবে, কিন্তু যাঁরা নিজের জীবন বাজি রেখে এই সরকার গঠনের ভিত্তি তৈরি করেছেন, তাঁদের জন্য জায়গা রাখা হয়নি।”
তিনি আরও বলেন, “জানি না শহীদ পরিবারগুলোর জন্যও সম্মানের জায়গা রাখা হয়েছে কি না। যারা বুক চিতিয়ে একনায়কের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ তাদের নামটুকুও উচ্চারণ করা হচ্ছে না। এই অবমূল্যায়নের প্রতিবাদে আমি আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিচ্ছি।”
প্রসঙ্গত, আজ (মঙ্গলবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।