সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ভুল সিদ্ধান্ত ছিল। তার ভাষায়, সেখানে মার্কিন পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করেছে এবং শুরুতেই সে পথে যাওয়া উচিত হয়নি।
ইরান প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশটি পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র হামলা না চালালে এতদিনে তেহরান পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারত।
তিনি আরও বলেন, কয়েক মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমান দিয়ে হামলা চালানো না হলে পুরো অঞ্চলের পরিস্থিতি ভিন্ন হতে পারত। তার দাবি, ওই অভিযানের মাধ্যমে ইরানের সম্ভাব্য পরমাণু অগ্রগতি থামানো হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের পুরো সামরিক অবকাঠামো ধ্বংসের পথে হাঁটেনি। তার মতে, দেশটির সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে চরমপন্থা থেকে দূরে অবস্থান করে।
তিনি বলেন, মূল লক্ষ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে দুর্বল করা, সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করা নয়। কারণ অতীতের কিছু যুদ্ধে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের ফলে সংশ্লিষ্ট দেশগুলো দীর্ঘ সময় ধরে অস্থিতিশীল অবস্থায় পড়ে ছিল।
সূত্র: মিডল ইস্ট আই।