রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেলে এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন নুরুল হক নুরের শারীরিক অবস্থা ও হামলার তদন্তের অগ্রগতি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, মাথা ও মাড়িতেও আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছেন।
রাশেদ জানান, নুর বিদেশে চিকিৎসা নিতে অনিচ্ছুক; তিনি দেশে থেকেই চিকিৎসা নিতে চান। তবে বিদেশে পাঠানো নিয়ে প্রধান উপদেষ্টা বা সরকারের ওপর কোনো চাপ আছে কি না—তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
হামলার ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন রাশেদ। তিনি বলেন, গঠিত তদন্ত কমিশনও গণঅধিকার পরিষদের সঙ্গে যোগাযোগ করেনি। কমিশনকে সরাসরি তথ্য–প্রমাণ সংগ্রহ করে স্বচ্ছ প্রতিবেদন দেওয়ার আহ্বান জানান তিনি।
গণঅধিকার পরিষদ হুঁশিয়ারি দিয়ে বলেছে—এই ঘটনার বিচার ছাড়া শান্তিপূর্ণ থাকা সম্ভব নয়। রাশেদ খাঁন বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সরকার বেকায়দায় পড়বে; যমুনা বা সচিবালয় ঘেরাও হতে পারে।” তিনি আরও দাবি করেন, ঘটনার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়—নিরপেক্ষ ও দ্রুত বিচার না হলে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে।