শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, শহিদ পরিবারের খোঁজ নিতে গিয়ে এক শহিদের মা আবেগে তাকে জড়িয়ে ধরেন। এ ঘটনাকে কেন্দ্র করে অনলাইনে কটূক্তি ও বিদ্রূপ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ডা. শফিকুর রহমানের ভাষ্য, শহিদের মা শুধু তার নয়, সমগ্র জাতির মা—এ নিয়ে বিদ্রূপ করা অনুচিত।
এর আগে ফেনীতে এক নির্বাচনি সমাবেশে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। সভা শেষে তিনি তাদের সঙ্গে কথা বলতে গেলে এক শহিদ জননী তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত অনেকেই এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন, অন্য স্বজনদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়।
জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, বংশগত ক্ষমতার সংস্কৃতি বদলাতে হবে। অতীতের রাজনীতি দেশকে একনায়কতন্ত্র ও দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানান এবং শহিদ ও আন্দোলনকারীদের প্রতি সম্মান দেখানোর কথা বলেন। নারীদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করে তিনি সতর্ক করেন, সমাজে নারীকে সম্মান করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
সবশেষে তিনি ১১-দলীয় নির্বাচনী জোটের পক্ষে ভোট চান। তার বক্তব্য, দাঁড়িপাল্লা প্রতীক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, তাই এই প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন প্রয়োজন।