সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, ঐক্যমত কমিশনে জামায়াতই প্রথম লিখিতভাবে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে, অথচ নতুন গঠিত একটি ছাত্র সংগঠনের নেতা দুঃখজনকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করে বলেন, “তারা চায় জামায়াত যেন তাদের নিয়ে কথা বলে, তবেই তাদের পরিচিতি বাড়বে।”
জামায়াতের নেতাকর্মীদের ‘জুলাই যোদ্ধা’ আখ্যা দিয়ে গোলাম পরওয়ার বলেন, “তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দোয়া থাকবে সর্বদা।” তিনি আরও বলেন, রাজনীতিতে শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি—অশালীন ও অরাজনৈতিক ভাষা কোনো দায়িত্বশীল নেতার জন্য শোভন নয়।
হিন্দু ভোটারদের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, “হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লাও। দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা অতীতের যেকোনো শাসনের চেয়ে জামায়াতের নেতৃত্বে বেশি নিরাপদ থাকবে।” তিনি বলেন, জামায়াত এমন এক মানবিক বাংলাদেশ গড়তে চায় যেখানে জুলুম, নির্যাতন ও বৈষম্য থাকবে না।
এছাড়া, নোয়াখালীর এক সমাবেশে বিএনপি নেতার বক্তব্য—‘ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করা হবে’—এর জবাবে গোলাম পরওয়ার বলেন, “এমন মন্তব্য প্রমাণ করে বিএনপির কণ্ঠে এখন আওয়ামী লীগের সুর বাজছে।”