বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে অনুষ্ঠিত এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের অর্থ ও প্রশিক্ষণ প্রদান করছে এবং পরে এসব সন্ত্রাসীকে দেশে পাঠিয়ে ধারাবাহিকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে সহায়তা করছে। এ বিষয়ে বারবার সতর্ক করা হলেও ভারত তা বন্ধ করেনি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। সীমান্তে যদি গুলি চালানো হয়, তবে বাংলাদেশ চুপ করে থাকবে না। আমরা গুলি চালাতে না পারলেও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সক্ষম।
ভারতের সাংস্কৃতিক প্রভাব নিয়েও সতর্ক করে তিনি বলেন, নাটক ও সিনেমার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি আমাদের সমাজে প্রবেশ করিয়ে দেশকে নির্ভরশীল করার চেষ্টা করা হচ্ছে। এখন সময় এসেছে আত্মনির্ভরশীল হওয়ার এবং নিজস্ব সংস্কৃতি ও স্বার্থ রক্ষায় এগিয়ে আসার।
হাসনাত দাবি করেন, আওয়ামী লীগের শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল অসম ও একতরফা, যেন স্বামী-স্ত্রীর সম্পর্ক। ভারতীয় ষড়যন্ত্রের ফলে বাংলাদেশের মুসলমানদের দীর্ঘদিন ধরে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা এর বিরোধিতা করেছে, তাদের হত্যা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের ভাই হাদি শহীদ হয়েছেন এবং আমরাও এখন টার্গেটের বাইরে নই।