আহত দুজন হলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। হামলার পর তারা আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানের কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানের জন্য মিলনায়তন বরাদ্দ চেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন পাঠাগারের সভাপতি আতাউর রহমান। পরদিন দুপুরে অনুষ্ঠানের প্রস্তুতি ও মিলনায়তন বরাদ্দের বিষয়ে খোঁজ নিতে আতাউর রহমান ও রাসেল বিপ্লব উপজেলা পরিষদে যান।
তারা ইউএনওর কক্ষে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে সেখানে দেখতে পান। এরপর তারা আর কক্ষে না ঢুকে নিচে নেমে নিজেদের মধ্যে কথা বলছিলেন। পরে কয়েকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাসেল বিপ্লবের অভিযোগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লোকজন নিয়ে তাদের ওপর হামলা করেন। রুমিন ফারহানা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তিনি বলেন, মাদকসংক্রান্ত একটি বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে তিনি তাদের সরিয়ে দেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে চাইলে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা যাবে।