শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন সহায়তার ঘোষণা দেয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জহুরার সংসার চালানো, সন্তানদের ভরণপোষণ ও পড়াশোনার ব্যয় বহন করা হবে। পাশাপাশি বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণের আশ্বাসও দেওয়া হয়েছে।
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জহুরার হাতে নগদ অর্থ তুলে দেয়। এ সময় স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দলের প্রধানের নির্দেশে তারা ঢাকায় থেকে ফেনীতে এসে এই সহায়তা কার্যক্রম শুরু করেছেন এবং নিয়মিত মাসিক খরচ পৌঁছে দেওয়া হবে।
সহায়তা পেয়ে জহুরা বলেন, তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করে ভুল করেননি। তিনি তারেক রহমান ও বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে স্থানীয় বিএনপি নেতারা জহুরার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিষয়টি দলীয় শীর্ষ পর্যায়ে অবহিত করেন বলে জানা যায়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে বিরোধের জেরে ধর্মপুর ইউনিয়নের এক স্থানীয় নেতা তার স্ত্রী জহুরাকে মৌখিকভাবে তালাক দেন। পরে এলাকাবাসীর চাপে তিনি তালাক প্রত্যাহারের আশ্বাস দেন। ২০১৩ সালে তাদের বিয়ে হয়; দম্পতির তিন সন্তান রয়েছে।