বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জাতিকে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, তারা বিভ্রান্তি ছড়িয়ে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে জনগণ রাজনৈতিকভাবে তাদের প্রত্যাখ্যান করবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে সময়সীমা ঘোষণার পর থেকে নানা মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছে, কিন্তু তা ব্যর্থ হয়েছে— ভবিষ্যতেও সফল হবে না।
সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, বিএনপি কখনো ধর্মভিত্তিক রাজনীতি সমর্থন করেনি। সংবিধানেও ধর্মের ভিত্তিতে কোনো পরিচয় নেই। প্রতিটি নাগরিক স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচরণ পালনের অধিকার রাখে। বিএনপি নিরাপদ উপাসনা ও প্রচারের সুযোগ নিশ্চিত করবে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দল দীর্ঘদিন ধরে ধর্মকে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপির মূলনীতি হলো— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা সবার।”