সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় মহানগর কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভিডিওটি নিয়ে থানায় দেওয়া লিখিত অভিযোগ ও পরে দেওয়া মৌখিক বক্তব্যে তার ভিন্ন অবস্থান পাওয়া গেছে। অভিযোগে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও পরে তিনি জানান, ভিডিওটি তার নিজের ফোনে ধারণ করা।
শহীদুল্লাহ্ ময়মনসিংহ নগরের নতুন বাজার সাংগঠনিক থানা জামায়াতের রুকন এবং নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী। সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে তার ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। পোস্টে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জামায়াতের এক নেতার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার দাবি করা হয়। এতে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী শহিদুল্লাহ কায়সারের প্রচারণায় শহীদুল্লাহ্র সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ করা হয়।
এরপর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন শহীদুল্লাহ্। সেখানে তিনি দাবি করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ও তার স্ত্রীর ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করেছেন। উদ্দেশ্য ছিল তার সম্মানহানি ও ক্ষতি করা।
তবে পরে বক্তব্য জানতে চাইলে শহীদুল্লাহ্ বলেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা তিনি জানেন না। শত্রুতার কারণে কেউ তার মোবাইল ফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
জামায়াতের মহানগর সেক্রেটারি ও মেয়র পদে দলটির প্রচারণা চালানো প্রার্থী শহিদুল্লাহ কায়সার বলেন, নির্বাচনী গণসংযোগে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও অংশ নেন। শহীদুল্লাহ্ হয়তো এমন কোনো কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সেই সময়ের ছবি ব্যবহার করে বিরোধী একটি পক্ষ তাকে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে বলে তিনি মনে করেন।
মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, শহীদুল্লাহ্ ভিডিওটিকে ব্যক্তিগত বলে জানিয়েছেন। তার দাবি, মুঠোফোন হ্যাক করে বা অন্য কোনো উপায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। এ ঘটনায় সাইবার আইনে মামলা করার প্রস্তুতি চলছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং ঘটনাটিকে নৈতিক স্খলনজনিত বিষয় হিসেবে দেখেই শহীদুল্লাহ্র রুকন পদ স্থগিত করা হয়েছে।