বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ বৈঠকে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
সভায় সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, “দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। ছাত্র ও জনতার অভ্যুত্থান এদেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখন সময় এসেছে জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকামী রাষ্ট্রে রূপান্তরের।”
তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করতে যুগপৎ আন্দোলনের শরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে, আন্দোলনের অর্জন টিকিয়ে রাখতে গণঐক্যকে আরও মজবুত করার ওপর জোর দেন তিনি।
বৈঠকে অংশগ্রহণকারীরা আগামী দিনের রাজনৈতিক কৌশল, আন্দোলনের রূপরেখা ও নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি নিয়ে মতামত বিনিময় করেন