রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর নয়াবাজার মোড় থেকে বিএনপির মশাল মিছিলটি শুরু হয়।মিছিলটি তাতীবাজার, গুলিস্তান ও পল্টন এলাকা অতিক্রম করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপির প্রার্থী জনসমর্থন নিয়ে জয়ী হওয়ার বাস্তবতা আছে। তাই তারা পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার পথ খুঁজছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ছিল জনগণের অধিকার রক্ষার জন্য। কিন্তু আজ সেই ত্যাগের স্মৃতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা তোলার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
মতপ্রকাশের অধিকার থাকলেও তা যেন অন্যের সম্মান ক্ষুণ্ন না করে—এই নীতির কথা উল্লেখ করে ইশরাক বলেন, এনসিপি নেতারা যেভাবে শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করছেন, তা গণতান্ত্রিক পরিপাট্য বহির্ভূত। কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ঘিরে যেভাবে অপমানজনক মন্তব্য করা হয়েছে, তার দায় তাদের নিতে হবে। দুঃখ প্রকাশ না করলে চকরিয়ার মতো অন্যান্য এলাকাতেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
জুলাই আন্দোলনের পেছনে কারা মূল ভূমিকা রেখেছিল, তা স্মরণ করিয়ে দিয়ে ইশরাক বলেন, এই আন্দোলন পরিচালনায় তারেক রহমানের ভূমিকা অনস্বীকার্য। বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাই তখন জীবন বাজি রেখে আন্দোলন চালিয়েছেন। অথচ আজ এনসিপি নেতারা সেই ইতিহাস বিকৃত করে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে এবং তারেক রহমানকে উদ্দেশ্য করে অপপ্রচার চালাচ্ছে—যা অনৈতিক এবং বিভ্রান্তিকর।