এর আগে একই দিন জুমার নামাজ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে থাকা পৌর কালেক্টর জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী। আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ তাকে ডিম নিক্ষেপ করে।’
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে দুই ব্যক্তির কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে নাছির দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি সাধারণ মানুষের দিকে গুলি ছোড়ার চেষ্টা করেন। তার ভাষ্য অনুযায়ী, অস্ত্রধারী ওই দুইজন শিবিরের কর্মী।
পোস্টে তিনি তাদের পরিচয়ও উল্লেখ করেন। একজন সিয়াম উদ্দিন তুর্য, যিনি পাঞ্জাবি পরিহিত ছিলেন বলে দাবি করা হয়। অন্যজন আশিক, যাকে টি-শার্ট পরা অবস্থায় দেখা গেছে বলে উল্লেখ করা হয়। পোস্টের শেষাংশে স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি অস্ত্রধারী দুইজনকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান ছাত্রদল সম্পাদক।