তারেক রহমান বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও প্রশ্নমুক্ত হলে ফলাফল সব রাজনৈতিক দলেরই মেনে নেওয়া উচিত। তিনি মনে করেন, আজকের দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।
ভোটারদের অংশগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মানুষ যদি নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই হবে গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রকৃত সূচনা।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।
ভোট দেওয়ার পর তিনি বলেন, জনগণের রায়ে বিজয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জনগণ সক্রিয়ভাবে ভোট দিলে যেকোনো অপচেষ্টা প্রতিহত করা সম্ভব।
এবারের নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।