জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলেই সেটিকে জাতীয় ঐক্য বলা যায় না। এটি কেবল কিছু দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা, কিন্তু জনগণের ঐক্য নয়।”
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীতে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “প্রকৃত জাতীয় ঐক্য তখনই সম্ভব, যখন শ্রমিক, কৃষক, পেশাজীবী, শিক্ষার্থী—সবার স্বার্থ ও মতামত এতে প্রতিফলিত হবে। কিন্তু বর্তমান জুলাই সনদে শ্রম অধিকার, স্বাস্থ্যখাত ও শ্রম কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনের আলোচনাও সীমাবদ্ধ শুধু নির্বাচনী ব্যবস্থায়। এতে গণতন্ত্রের কোনো অগ্রগতি বা জনগণের প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি।”
তিনি আরও বলেন, “আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যের নামে জনগণকে প্রতারিত করা হচ্ছে। একদিকে শ্রমিকরা ন্যায্য মজুরি ও নিরাপত্তার দাবিতে রাস্তায়, অন্যদিকে কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিকদের জীবন শেষ হয়ে যাচ্ছে। অথচ তাদের জীবনের মূল্য নির্ধারণ করা হচ্ছে মাত্র দুই থেকে তিন লাখ টাকায়—যা মানবিকতার পরিপন্থী।”
ফ্যাসিবাদী আমলের অন্যায়ের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “সেই সময় যেসব মাফিয়া শ্রমিকদের শোষণ করেছে, আজও তাদের আইনের আওতায় আনা হয়নি। বরং তাদের ব্যবসা ও প্রভাব সুরক্ষিত করা হচ্ছে। যারা দেশের অর্থনীতি সচল রাখতে দিনরাত পরিশ্রম করছে, সেই শ্রমিকদের পাশে থাকবে জাতীয় শ্রমিক শক্তি।”
তিনি শেষ করেন এই বার্তায়, “দেশের প্রকৃত উন্নয়ন ও গণতান্ত্রিক পুনর্জাগরণ সম্ভব কেবল শ্রমিক ও সাধারণ মানুষের ঐক্যের মাধ্যমে, কাগজে কলমে করা রাজনৈতিক সনদে নয়।”