শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে—এটা আমাদের জাতির জন্য গভীর লজ্জার বিষয়।”
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ ও দমন-পীড়ন চালিয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, “যেখানে অন্যদের দাবি দ্রুত পূরণ করা হচ্ছে, সেখানে যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের বঞ্চিত করা হচ্ছে—এটা অন্যায়।”
জামায়াতের প্রতি ইতিহাসের অবিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াত। তাই আমরা মজলুমদের কষ্ট সবচেয়ে ভালো বুঝি।”
তিনি আরও দাবি করেন, জামায়াত কখনো কারও বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি, এমনকি জুলাই আন্দোলনের পরও তা অব্যাহত রেখেছে। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ক্ষমতা বা সুযোগ পেলেও কোনো অপরাধে লিপ্ত হইনি। ভবিষ্যতেও কাউকে অন্যায় করার সুযোগ দেওয়া হবে না।”