শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে তুরস্কে সম্মেলন শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান রিজভী।
শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে রিজভী জানান, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন, ঋণ ও অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন তিনি।
রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ রোপণ করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কর্মসূচিতে যুক্ত হয়েছে।
বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও তাপপ্রবাহে প্রাণহানির ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সামনে আনছে উল্লেখ করে রিজভী বলেন, এ সংকট মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো উপকৃত হবে।