টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু মঙ্গলবার (২৮ অক্টোবর) টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল। স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে শুধু কারাগারে আটক করা হয়নি, তাকে নানাভাবে নির্যাতন করা হয়, প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা দেওয়া হয়নি এবং তার জীবনও ঝুঁকিতে পড়েছিল।”
তিনি আরও বলেন, “আজ খালেদা জিয়া মুক্ত হলেও অসুস্থ অবস্থায় দেশের মাটিতেই অবস্থান করছেন। তিনি দেশের মানুষ ও আমাদের ছেড়ে যাননি। ঠিক যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হয়েছিল, একইভাবে আগামী দিনের নেতা তারেক রহমানকেও নিশানা করা হচ্ছে। বিএনপি ও দেশের সার্বভৌমত্বের রক্ষার প্রতীক হিসেবে দলীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে।”
সভায় উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব অনির্বাণ আমীর দুখু ও পৌর শাখা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম বাবু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।