শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অঙ্গীকার করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বিভাগ ও সিটি করপোরেশন গঠনের পাশাপাশি হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোম্পানীগঞ্জের ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গেলে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব। অন্যদিকে যারা নানা অনিয়ম ও অপকর্মে জড়িয়ে আছে, তাদের হাতে জনগণ নিরাপদ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে সাড়া দিচ্ছে। বিভিন্ন স্থানে জনসমাগমে যে সাড়া মিলছে, তা পরিবর্তনের ইঙ্গিত বহন করে। বিশেষ করে তরুণ সমাজ নতুন প্রত্যাশা নিয়ে সামনে এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে নোয়াখালীর ছয়টি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থন দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। পরে তিনি উপস্থিত জনতার সামনে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রতীক তুলে দেন।