শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ দেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন খাতভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এই পরিকল্পনা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়নযোগ্য উদ্যোগের সমন্বয়।
তার বক্তব্যে তিনি বিশেষভাবে দেশের তরুণ জনগোষ্ঠীর প্রসঙ্গ তুলে ধরেন। চার কোটিরও বেশি তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশ-বিদেশে কাজের সুযোগ তৈরির বিষয়টি পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।
নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিয়েও বিএনপি পরিকল্পনা নিয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।
এছাড়া কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য আলাদা কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। কৃষি উৎপাদন বৃদ্ধি, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়ে সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপি চেয়ারম্যান।
সব মিলিয়ে একটি স্বনির্ভর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই বিএনপির নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।