শনিবার (২২ নভেম্বর) জাতীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হলেও তাদের চূড়ান্ত পরিণতি হয়েছে দেশের বাইরে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ব্যাহত হলে আবারও স্বৈরশাসনের উত্থান ঘটতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যা জুলাইয়ের শহীদদের স্বপ্ন ও সংগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার দাবি, দেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করেই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হবে।
ছাত্র গণঅভ্যুত্থান কয়েক দিনের নয়, দীর্ঘ প্রস্তুতির ফল উল্লেখ করে তিনি বলেন, ‘২৪-এর চেতনা’ ব্যবহার করে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা কিছু ব্যক্তি বা গোষ্ঠীর উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া।
এ সময় তিনি আরও প্রশ্ন তোলেন— যারা ’৪৭ ও ’৭১ এর ঐতিহাসিক প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছিল, তারা কীভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে? একই সঙ্গে তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল বোঝাবুঝি সৃষ্টি না করার আহ্বান জানাই।