বুধবার (১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান নাশকতার অভিযোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সংবিধানে নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকলেও অপরাধীদের সুরক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। নাশকতার ঘটনায় বিরোধী দলগুলোকেও নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে নাশকতায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রে বিশ্বাসী মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। এসব ঘটনার বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে ভারতের মন্তব্যের প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তাঁর বক্তব্য, খুনের মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে নিয়ে ভারতের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই। মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অন্য কোনো দেশ তাঁকে আশ্রয় না দিলেও ভারত দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরাসরি কিংবা পরোক্ষভাবে হস্তক্ষেপ করলে তা আন্তর্জাতিক সমর্থন পাবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করবে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দলটির রাজনৈতিক চর্চার সঙ্গে হত্যা, গুম ও রক্তপাতের অভিযোগ জড়িয়ে আছে। নিষিদ্ধ দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার যেকোনো চেষ্টা দেশের শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষ প্রতিরোধ করবে বলে মন্তব্য করেন তিনি।