সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১১তম ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ ও ভেটেরিনারি ঔষধ বিষয়ক পরিচিতি প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের অধিকর্তা ও ডিনস কমিটির প্রধান অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ব্যবস্থাপক (সেলস) মিজানুর রহমান শিক্ষার্থীদের মাঝে কিটবক্স তুলে দেন।
ইন্টার্ন শিক্ষার্থীদের উদ্দেশ্য স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, 'এক সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালে মাত্র একজন ভেটেরিনারি ডাক্তার কর্মরত ছিলেন। সময়ের সাথে সাথে সেই সংখ্যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৫৬ জনে। এই অগ্রগতি স্পষ্টভাবে প্রমাণ করে যে ফার্মাসিউটিক্যাল কর্মক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের জন্য কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়ছে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি সবসময় ভেটেরিনারিয়ানদের পাশে আছে এবং তাদের পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে।'
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১১তম ব্যাচের শিক্ষার্থী মাইসা ফামিদা তুর্না বলেন, 'ভেটেরিনারি পেশা আসলে শুধু চাকরি নয়।এটা এমন এক দায়িত্ব, যেখানে প্রাণীর পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা জরিয়ে আছে।আজ আমরা কেবল কীটবক্স নিচ্ছি না, আমরা একটা প্রতিশ্রুতি নিচ্ছি নিজেদের কাছে, শিক্ষকদের কাছে এবং এই সমাজের কাছে। যেখানেই কাজ করি এই কাজ আমাদের পরিচয় হয়ে যেন দাঁড়ায়।'
অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের অধিকর্তা অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম খান বলেন, 'একসময় দেশে সীমিত পরিসরে ভেটেরিনারি ঔষধ তৈরি হলেও বর্তমানে এই খাতে বিনিয়োগ বাড়ায় ঔষধ তৈরি এবং বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের চাহিদা বেড়েছে। প্রাণীর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ সৃষ্টি করেছে যা পরোক্ষভাবে মানুষের শরীরে প্রবেশ করছে যা ভবিষ্যতের জন্য বড় একটি স্বাস্থ্যঝুঁকি। তাই শিক্ষার্থীদের অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থাকতে হবে।'
এ সময় ইন্টার্ন ব্যাচের দায়িত্বরত শিক্ষক সহকারী অধ্যাপক ড. মো. জামিনুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সনিয়া আক্তার নিশি, প্রভাষক ডা. তাসলিমা আক্তারসহ প্যারা ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মোছা. নাছরিন বানু, অনুষদের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্কয়ার ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি তথ্যবহুল সেশন আয়োজন করা হয়, যেখানে তারা তাদের বিভিন্ন ঔষধ ও পণ্যের ব্যবহার, কার্যকারিতা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়াও আয়োজনের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।