সোমবার (১৫ জুন) রাতে কেশবপুর থানায় জমা দেওয়া অভিযোগে অন্তু জানান, তিনি উপজেলার মুলগ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার জার্সি পরে তোলা একটি ছবি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।
অভিযোগে বলা হয়, পরে কেশবপুর পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল বাবু ওই ছবিটি সম্পাদনা করে সেখানে ব্রাজিলের জার্সি যুক্ত করেন এবং তা ফেসবুকে প্রকাশ করেন। একই সঙ্গে তাকে ব্রাজিল সমর্থক হিসেবেও উপস্থাপন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অহিদুর রহমান অন্তু বলেন, তিনি বুঝতে শেখার পর থেকেই আর্জেন্টিনার সমর্থক। তার ভাষায়, “আমার ছবিতে এআই ব্যবহার করে ব্রাজিলের জার্সি বসিয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ছবিটি সরিয়ে নিতে একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু তা না করায় আমি থানায় অভিযোগ করেছি।”
অভিযুক্ত রাসেল বাবু বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তিনি বলেন, “এত জটিলভাবে নেওয়ার কিছু নেই। অহিদুর রহমান আমার মামা।”
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, “এআই প্রযুক্তি ব্যবহার করে জার্সি পরিবর্তনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”