গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটিই হতে যাচ্ছে তারেক রহমানের নতুন ঠিকানা। দীর্ঘদিন বন্ধ থাকা বাড়িটিতে চলছে সংস্কার, রঙের কাজ ও নিরাপত্তা জোরদারের প্রস্তুতি। চারপাশ ঘিরে ফেলা হয়েছে কাঁটাতারের বেড়া, ভেতরে নতুনভাবে সাজানো হচ্ছে বসবাসের কক্ষগুলো।
একই সঙ্গে প্রস্তুত করা হচ্ছে গুলশান-২ এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও। সেখানে স্থাপন করা হয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি ক্যামেরা। দলীয় সূত্র বলছে, তারেক রহমান দেশে ফেরার পর সেখান থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন।
ফজলে এলাহী আকবর বলেন, “ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ উত্তেজনা বিবেচনায় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আশা করছি, সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনী তারেক রহমানের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।”
তিনি আরও জানান, চলতি মাসে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতির কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচনের পরই ওমরাহ পালন করবেন তারেক রহমান।
বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের অনুমোদন দিয়েছে। পাশাপাশি, অস্ত্রের লাইসেন্সের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।
২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে তার দেশে ফেরাকে ঘিরে এখন বিএনপির মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা।