মঙ্গলবার (১৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নারীর অবস্থাবিষয়ক কমিশনের ৭০তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নারী ও কন্যাশিশুর ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, পরিচয় বা আর্থসামাজিক অবস্থান যাই হোক না কেন, সব নারী ও কন্যাশিশুর জন্য আইনি সুরক্ষা সহজলভ্য করতে হবে। তারা যেন ভয় বা প্রতিবন্ধকতা ছাড়াই ন্যায়বিচার পেতে পারে, সে পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হচ্ছে।
ড. রহমান জানান, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বৈষম্য নতুন ধরনের বাধা তৈরি করছে, যার বড় প্রভাব পড়ছে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের ওপর। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারী নেতৃত্বের বিকাশ, বিচারব্যবস্থা আরও শক্তিশালী করা এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ।
উল্লেখ্য, কমিশনের এই ৭০তম অধিবেশন ৯ থেকে ১৯ মার্চ পর্যন্ত নিউ ইয়র্ক-এ অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য, সব নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে সমান প্রবেশাধিকার নিশ্চিত করা।