বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সদস্য মো. হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিদ্যমান ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে সময়োপযোগী করে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর, শক্তিশালী এবং গণমাধ্যমবান্ধব রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাবও প্রস্তুত করা হয়েছে।
প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে নিবন্ধন ব্যবস্থা চালুর সুযোগ সৃষ্টি, মিথ্যা, হয়রানিমূলক ও নৈতিকতা পরিপন্থী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
এছাড়া গুজব, ভুয়া তথ্য, ঘৃণামূলক বক্তব্য কিংবা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত হয়ে তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয়টিও প্রস্তাবনায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। তবে শুধুমাত্র মোবাইল সাংবাদিকদের জন্য পৃথক লাইসেন্সিং ব্যবস্থা চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। ভবিষ্যতে প্রয়োজন ও বাস্তবতার আলোকে বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।