আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, “এখনও সময় আছে, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন। তা না হলে এমন ঝড় উঠবে, যা সামাল দেওয়া সম্ভব হবে না।”
তিনি উল্লেখ করেন, শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। “জুলাই বিপ্লবের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা। কিন্তু এক বছর পরও সেই বৈষম্য কমেছে না,” বলেন তিনি।
সাদিক কায়েম আরও বলেন, “আগামীর প্রজন্ম গড়ার কারিগর শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত আট দিন ধরে আন্দোলন করছেন। তাদের ওপর যে ধরনের হামলা হয়েছে, তা আশঙ্কাজনক।”
অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি সরাসরি সতর্কবার্তা দেন, “শিক্ষক হয়েও যদি আপনারা শিক্ষকদের বঞ্চনার কথা অনুভব করতে না পারেন, তাহলে এখানে থাকার প্রয়োজন নেই। এখানে ভোগবিলাস করার জন্য আসেননি।”
ডাকসু ভিপি আরও মন্তব্য করেন, শিক্ষকদের দাবি মানা না হলে উপদেষ্টাদের পরিণতি খুনি ও ফ্যাসিস্টদের চেয়েও কঠোর হবে।
এদিকে, অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ নির্ধারণ করে সর্বনিম্ন দুই হাজার টাকা স্থির করেছে। তবে শিক্ষকরা বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।